ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলে আলোচনা টেবিলেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে তার কোনো সুফল দেখা যায় না।’

সোমবার (৮ জুন) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট ও জনগণের প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, দেশের জনগণের জন্য প্রণীত বাজেট যদি মানুষের দোরগোড়ায় পৌঁছানো না যায়, তাহলে প্রকৃত সুফল পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার পরিবর্তন হলেও বর্তমান সরকার ভিন্ন প্রেক্ষাপটে এসেছে এবং তাদের দায়িত্ব জনগণের প্রত্যাশা পূরণ করা।

তিনি আরও বলেন, “যারা দেশ নিয়ে চিন্তা করেন, নীতি ও আদর্শ বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা ছিল, তা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।”

শরিয়াহভিত্তিক নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শরিয়াহ নীতির মাধ্যমে দেশ পরিচালিত না হলে আলোচনা থাকলেও তার বাস্তব সুফল পাওয়া কঠিন।”

তিনি অভিযোগ করেন, “যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, তারা আমানতদার হলেও বাস্তবে রক্ষক ভক্ষকে পরিণত হয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন।”

জাতীয় অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটের কারণে দেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বিদেশি ঋণের বোঝা বহন করতে হবে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন গাজী আতাউর রহমান। আলোচনায় আরও বক্তব্য দেন সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সাংবাদিক সোহরাব হাসান, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গোলাম মসীহ, জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী এবং প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখ।

প্রাইমটিভি/কেআর