ইসলাম ধর্মে প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে।কিন্তু মুসলিম বিশ্বে সব থেকে মর্যাদাপূর্ণ দিন হিসেবে শুক্রবারকে গণ্য করা হয়।

এদিন মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হলো জুমার নামাজ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু এটি একটি নামাজ নয় , বরং মুসলিম সমাজের ঐক্য, শিক্ষা ও আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত।

ইসলামের ইতিহাস অনুযায়ী,মহানবী হযরত মোহাম্মদ (স.) এর মদিনায় হিজরতের পর নিয়মিতভাবে জুমার নামাজ প্রতিষ্ঠা করেন।তারপর থেকেই প্রতি সপ্তাহের শুক্রবার মুসলমানদের জন্য জামাতে খুতবা এবং দুই রাকাত নামাজ ফরজ হয়।

হাদিসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, যে ব্যক্তি উত্তমভাবে অজু করে জুমার নামাজে আসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়।

আরেক হাদিসে তিনি বলেন, “সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে শুক্রবার সর্বোত্তম দিন।”

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) জুমার দিনকে মুসলিম উম্মাহর ঐক্যের দিন হিসেবে উল্লেখ করতেন। তিনি বলেন, “জামাতে একত্র হওয়া মুসলমানদের শক্তি বৃদ্ধি করে।”

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ইমাম গাজ্জালী জুমার নামাজকে আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, “জুমার খুতবা মানুষের হৃদয়ে সত্য ও ন্যায়ের আহ্বান পৌঁছে দেয়।”

ধর্মীয় সূত্র মতে, পবিত্র আল-কুরআন-এ জুমার আজান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণে ছুটে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে জুমার নামাজ শুধু ইবাদত নয়, বরং সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিশেষজ্ঞরা বলছেন, জুমার নামাজ মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে সহায়তা করে। প্রতি সপ্তাহে একদিন একত্রিত হওয়ার মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ জোরদার হয়।

বর্তমান ব্যস্ত জীবনে জুমার নামাজ মুসলমানদের জন্য আত্মসমালোচনা, প্রার্থনা ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়ে আসছে।