পবিত্র হজ উপলক্ষে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর প্রি-হজ কার্যক্রম ২০২৬ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় সবশেষ হজ ফ্লাইট বিজি-৩৩৫।

এর মধ্য দিয়ে এ বছরের প্রি-হজ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

এর আগে গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধনের মাধ্যমে হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন।

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। এছাড়া সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও সম্পন্ন করেছে বিমান।

হজযাত্রীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কার্যক্রমে সহযোগিতা করেছে এসিআই লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।

এতে আরও বলা হয়, এ কার্যক্রমে বিমানের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, পেশাদারিত্ব ও সেবার মান বজায় রেখে জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

প্রাইমটিভি/কেআর