আরাফাতে আল্লাহর মেহমান, দিনভর দোয়া-দরুদ-রোনাজারিতে গুনাহমুক্তির আর্তি

আরাফাতে আল্লাহর মেহমান । প্রাইম টিভি
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন আজ। সৌদি আরবের ঐতিহাসিক আরাফাতের ময়দানে অবস্থান করছেন বিশ্বের লাখো মুসল্লি। সূর্যাস্ত পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করে আল্লাহর দরবারে ক্ষমা, রহমত ও হজ কবুলের জন্য দোয়া-মোনাজাতে মগ্ন থাকবেন।
তাঁবুতে তাঁবুতে চলছে দোয়া-দরুদ, কোরআন তেলাওয়াত, ওয়াজ-নসিহত ও ইবাদত। কেউ নীরবে, কেউ অশ্রুসিক্ত কণ্ঠে মহান আল্লাহর কাছে গুনাহমুক্তি ও ক্ষমা প্রার্থনা করছেন। অতীত জীবনের ভুল-ত্রুটির জন্য তওবা ও রোনাজারিতে মুখর হয়ে উঠেছে আরাফাতের প্রান্তর।
ইসলামে আরাফাতের দিনকে অত্যন্ত বরকতময় ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে এসেছে, “আরাফাতই হজ”। তাই আজকের এই অবস্থানকে হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে ধরা হয়। আল্লাহর মেহমানরা আজ তাঁর সন্তুষ্টি ও রহমত লাভের আশায় ইবাদতে নিমগ্ন রয়েছেন।
প্রচণ্ড তাপদাহের মধ্যেও হাজীদের ধর্মীয় আবেগে কোনো কমতি নেই। প্রশাসনের পক্ষ থেকে তাঁবুর ভেতরে অবস্থানের নির্দেশনা দেওয়া হলেও অনেক হাজী খোলা প্রান্তরেও দোয়া ও ইবাদতে অংশ নিচ্ছেন।
এর আগে গত রাত (২৫ মে) থেকেই মিনার তাঁবু নগরী থেকে আরাফাতের পথে যাত্রা শুরু করেন হাজীরা। দুপুরে মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজীরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করেন।
আজ (২৬ মে) সূর্যাস্তের পর হাজীরা মুজদালিফার উদ্দেশে রওয়ানা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। পরদিন মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি ও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তাঁরা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









