লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন উকুফে আরাফা পালনে আজ একত্রিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজী। এর মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

ভোর রাত থেকেই মিনার তাঁবুশহর ছেড়ে আরাফাতের উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। কেউ যানবাহনে, আবার কেউ পায়ে হেঁটে পৌঁছান আরাফাতের ময়দানে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত ভিড় এড়াতে অনেক হাজী ফজরের নামাজের আগেই যাত্রা শুরু করেন।

দিনভর আরাফাতের ময়দানে ইবাদত, জিকির ও দোয়ায় মগ্ন থাকবেন হাজিরা। দুপুরে মসজিদে নামিরা থেকে দেয়া হবে হজের খুতবা। গুরুত্বপূর্ণ এই খুতবা বাংলা সহ বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে।

সূর্যাস্তের পর হাজীরা রওনা দেবেন মুজদালিফার পথে। সেখানে খোলা আকাশের নিচে রাতযাপন করবেন তারা এবং সংগ্রহ করবেন ছোট ছোট পাথর। পরদিন জামারায় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে সেই পাথর নিক্ষেপ করবেন হাজিরা।

এর আগে সোমবার (২৫ মে) ইহরাম বাঁধা অবস্থায় মিনায় সমবেত হন লাখো মুসল্লি। তালবিয়ার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো মিনার উপত্যকা।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন ১৫ লাখের বেশি হাজী। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছেন ৭৮ হাজার ৫০০ জন।

প্রাইমটিভি/এনজি