দেশের আকাশে আরবি ১৪৪৮ হিজরি সনের প্রথম মাস পবিত্র মহররমের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর ফলে বুধবার থেকে ১৪৪৮ হিজরি সনের মহররম মাস শুরু হবে এবং আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আলেম-ওলামা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহররম মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে পালিত হয়, যা ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।

প্রাইমটিভি/কেআর