ইরানি ফুটবলারদের জন্য যুক্তরাষ্ট্রের দুয়ার খোলা, রয়েছে শর্তঃ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

দেশের বাইরে প্রস্তুতি শুরু করেছে ইরানি ফুটবল দল। ছবি- সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি এবং ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল ত্রিমুখী উত্তেজনার মধ্যেই আগামী ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিশ্বকাপে ইরানের ফুটবলারদের অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই, তবে তাদের সঙ্গে আসা ব্যক্তিদের ক্ষেত্রে থাকবে কঠোর নজরদারি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ফুটবলারদের যুক্তরাষ্ট্রে আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তবে একটি শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, ইরানের খেলোয়াড়রা যেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সঙ্গে নিয়ে না আসেন।
সমস্যা খেলোয়াড়দের নিয়ে নয়, বরং তাদের সঙ্গে আসা কিছু ব্যক্তি নিয়ে যারা আইআরজিসির সদস্য হতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। ইরানের এই প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি-কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের অন্যতম প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ আশঙ্কা প্রকাশ করে বলেন, ফুটবলারদের সাথে আইআরজিসির সদস্যদের আমাদের দেশে নিয়ে এসে সাংবাদিক বা প্রশিক্ষক সাজিয়ে রাখতে পারে। তাই আমরা এমন কাউকে প্রবেশের অনুমতি দিতে পারব না যাদের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এখনও কোনো স্থায়ী সমঝোতা না হওয়ায় আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ক্রীড়াঙ্গনে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছিল। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সবুজ সংকেত সেই অনিশ্চয়তা কিছুটা কমাল। যদিও ফুটবলারদের বাইরের স্টাফদের ভিসা এবং নিরাপত্তা ছাড়পত্রের বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেই ধারণা করা যাচ্ছে।
২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে কোনো নিরাপত্তা ঝুঁকি নিতে নারাজ, আর রুবিও’র বক্তব্যে সেই কঠোর অবস্থানই ফুটে উঠেছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









