বিশ্বকাপ মিশনের আগে দুর্দান্ত ছন্দে ব্রাজিল। সোমবার (১ জুন) রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। দ্বিতীয় মিনিটেই ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। তবে ১৪তম মিনিটে কুইয়ারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা।

এরপর ৩৯ মিনিটে ভিনিসিউসের নিখুঁত ক্রস থেকে কাসেমিরোর শক্তিশালী হেডে আবারও লিড নেয় ব্রাজিল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে দেখা যায় ব্রাজিলের আসল রূপ। কোচ কার্লো আনচেলত্তি গোলরক্ষক ছাড়া একসঙ্গে ১০ খেলোয়াড় বদল করে দেন। তার এই কৌশলেই যেন নতুন গতি পায় দল।

৫৩ মিনিটে হায়ান, ৬০ মিনিটে পাকেতা এবং ৬৩ মিনিটে পেনাল্টি থেকে থিয়াগোর গোলে ব্যবধান দাঁড়ায় ৫-১। এরপর ৮১ মিনিটে পাকেতার পাস থেকে দানিলো সান্তোস ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন।

৮৪ মিনিটে কার্লোস হার্ভের দূরপাল্লার শটে একটি গোল শোধ দেয় পানামা। তবে তাতে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

শেষ পর্যন্ত ৬-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসী আনচেলত্তির শিষ্যরা।

আগামী রোববার প্রীতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। আর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

প্রাইমটিভি/এনজি