অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

বাংলাদেশ ওয়ানডে দল । সংগৃহীত
একাধিক চমক রেখে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দল ঘোষণা করেছে। ঘোষিত দলে দীর্ঘ চার বছর পর ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। একই সঙ্গে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেও দলে ফিরিয়ে আনা হয়েছে।
অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা আফিফ হোসেন এবং মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা হারিয়েছেন। চলতি মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুন, দ্বিতীয় ম্যাচ ১১ জুন এবং তৃতীয় ম্যাচ ১৪ জুন।
দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ী স্কোয়াড থেকে বেশিরভাগ ক্রিকেটারই জায়গা ধরে রেখেছেন। সেই দল থেকে মোট ১৩ জন ক্রিকেটার এই স্কোয়াডে রয়েছেন।
দীর্ঘ বিরতির পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত সবশেষ ২০২২ সালের আগস্টে ওয়ানডে খেলেছিলেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে নুরুল হাসান সোহান ফেরায় উইকেটকিপিং বিভাগে শক্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ১৭ জুন চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।
প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে আছেন মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









