হেক্সা জয়ের প্রস্তুতি শুরু ব্রাজিলের

ছবি- সংগৃহীত- ব্রাজিল ফুটবল দল
বিশ্বকাপে বহুল প্রতিক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ‘দ্য রিজ’ হোটেলে পৌঁছেছে ব্রাজিল ফুটবল দল (সেলসাও)। যুক্তরাষ্ট্র পৌঁছানোর পর পরই তারা পুরোদমে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাংলাদেশ সময় ভোর ৩টায় দলটির প্রথম অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে অভিজ্ঞতা, তরুণ প্রতিভা এবং আত্মবিশ্বাসের এক দারুণ সমন্বয়ে গড়ে উঠেছে এবারের সেলেসাও স্কোয়াড। স্বাভাবিকভাবেই এই দলকে ঘিরে বিশ্বজুড়ে কোটি সমর্থকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। যদিও ফুটবল বিশ্লেষকদের চোখে ব্রাজিলকে এবারের টুর্নামেন্টের একক বা সবচেয়ে বড় ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে না, তবে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা বিশ্বজয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী।
যুক্তরাষ্ট্রে পা রেখেই গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে এবং তীব্র প্রতিযোগিতা হবে। তবে ব্রাজিল অত্যন্ত ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামছে এবং যেকোনো পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার কারণে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছিল মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলির। তবে অবশেষে তারা দলের সাথে যোগ দিয়েছেন। এই তিন তারকা আসায় আনচেলত্তির হাতে এখন ২৬ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডই রয়েছে।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিউইয়র্ক রেড বুলসের ব্যবহৃদ স্টেডিয়াম 'কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে' নিয়মিত অনুশীলন করবে ব্রাজিল দল। এছাড়া নিজেদের ঝালিয়ে নিতে মূল পর্বের আগে মিশরের বিপক্ষে একটি শেষ প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে লড়বে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









