ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পেল বাংলালিংক ও টফি

ছবিঃসংগৃহীত
বুধবার (৩ জুন) বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলের ডিজিটাল সম্প্রচার স্বত্ব পাওয়ায় দেশের ফুটবলপ্রেমীরা সহজেই খেলা দেখতে পারবেন। বাংলালিংকের গ্রাহকরা টফিতে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।
জানা গেছে, বাংলাদেশে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ফিফার সংশ্লিষ্ট পক্ষগুলো ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা) দাবি করেছে। এর সঙ্গে কর, অগ্রিম আয়কর ও ভ্যাট যোগ হলে মোট ব্যয় প্রায় ২০০ কোটি টাকা হতে পারে।
এত বেশি খরচের কারণে বিটিভি বা দেশের অন্য কোনো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এখনো এই চুক্তিতে রাজি হয়নি। তবে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যয় কমিয়ে দেশে বিশ্বকাপ সম্প্রচারের চেষ্টা চলছে। বর্তমানে কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যম যৌথভাবে স্বত্ব নেওয়ার বিষয়ে আলোচনা করছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









