কাটল অনিশ্চয়তা, বাংলাদেশে সরাসরি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

ছবি- সংগৃহীত
অবশেষে কেটে গেছে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, বেসরকারি ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস এবং আরও একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চুক্তি সম্পন্ন হলে বিশ্বকাপের সব ম্যাচই বাংলাদেশের দর্শকরা দেশের এই তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি উপভোগ করতে পারবেন।
এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনলেও স্থানীয় বাজারে তা বিক্রি করতে ব্যর্থ হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ালে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে সম্প্রচার নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।
এই সংকট নিরসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা নেয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে একাধিক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও সমন্বয় ও মধ্যস্থতার ভূমিকা পালন করেন।
সূত্র জানায়, দেশের বিভিন্ন সম্প্রচারমাধ্যম, টেলিকম অপারেটর এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করে একটি নতুন অর্থায়ন কাঠামো তৈরি করা হয়। এর মাধ্যমে সম্প্রচার স্বত্ব কেনার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
জানা গেছে, বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা আগের প্রস্তাবিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—সম্প্রচার স্বত্ব নিশ্চিত করতে সরকারের নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী বৈধ উপায়ে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। একই সঙ্গে বিশ্বকাপ সম্প্রচার ঘিরে তৈরি হওয়া দীর্ঘদিনের অনিশ্চয়তারও অবসান ঘটবে।
প্রসঙ্গত, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হচ্ছে। এবারের আসরে ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









