২০২৬ বিশ্বকাপে প্রথমবার বিশ্বমঞ্চ মাতাতে প্রস্তুত যে ১০ তারকা

২০২৬ বিশ্বকাপ । প্রাইম টিভি
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) থেকে পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর। এবারের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করতে যাচ্ছে, কারণ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই মহাযজ্ঞে।
দল বাড়ায় টুর্নামেন্টের কলেবর যেমন বেড়েছে, তেমনি বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের এক বিশাল সুযোগ তৈরি হয়েছে নতুন প্রজন্মের ফুটবলারদের। এবারের আসরে এমন অনেক তারকা ফুটবলার আছেন, যারা ক্লাব ফুটবল কাঁপিয়ে দিলেও এবারই প্রথম খেলতে নামবেন বিশ্বকাপে। এদের কেউ বয়সের কারণে আগে সুযোগ পাননি, আবার কেউ দেশের যোগ্যতার অপেক্ষায় দীর্ঘ সময় প্রহর গুনেছেন।
ফুটবল দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা এমন ১০ জন সম্ভাব্য বিশ্বকাপ অভিষেক তারকা
আর্লিং হালান্ড (নরওয়ে)
বিশ্ব ফুটবলের এই সময়ের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন আর্লিং হালান্ড। আন্তর্জাতিক ফুটবলে ৪৯ ম্যাচে ৫৫ গোল করা এই নরওয়েজিয়ান তারকা ক্লাব ফুটবলেও রেকর্ড বুক ওলটপালট করেছেন। তবে নরওয়ে অতীতে কোয়ালিফাই করতে না পারায় এবারই প্রথম বিশ্বকাপের স্বাদ পাচ্ছেন হালান্ড। মার্টিন ওডেগার্ডদের নিয়ে গড়া নরওয়ে এবার টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’। গ্রুপ পর্বে তাদের লড়তে হবে ফ্রান্স, সেনেগাল ও ইরাকের বিপক্ষে।

লামিন ইয়ামাল (স্পেন)
মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্বের অন্যতম বড় বিস্ময় বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। ইউরো ২০২৪-এ স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মূল কারিগর ছিলেন তিনি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার দুর্দান্ত গোল ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবে। গতি, ড্রিবলিং আর নিখুঁত সিদ্ধান্তের কারণে স্পেনের আক্রমণভাগের মূল ভরসা এখন এই তরুণ তুর্কি।

ফ্লোরিয়ান ভার্টজ (জার্মানি)
লিভারপুলের নতুন এই জার্মান মিডফিল্ড সেনসেশন ২০২২ বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে এবার তিনি সম্পূর্ণ প্রস্তুত। ইউরো ২০২৪-এ দুটি গোল করে নিজের জাত চিনিয়েছেন। কোচ জুলিয়ান নাগেলসমানের অধীনে জামাল মুসিয়ালা এবং লেনার্ট কার্লের সাথে মিলে জার্মানির আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন ভার্টজ।

লুইস দিয়াজ (কলম্বিয়া)
লিভারপুল ও বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপ কাঁপানো কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ দীর্ঘ অপেক্ষার পর প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কলম্বিয়া কোয়ালিফাই করতে না পারায় তার এই অপেক্ষা। ৭০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়াজ বর্তমানে ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন।

মাইকেল ওলিসে (ফ্রান্স)
বায়ার্ন মিউনিখে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে ফ্রান্সের জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন উইঙ্গার মাইকেল ওলিসে। গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করার অসাধারণ ক্ষমতার কারণে তিনি ডেজিরে দুয়ের মতো প্রতিভাকেও পেছনে ফেলে প্রথম একাদশের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন।

জোয়াও নেভেস (পর্তুগাল)
মাত্র ২১ বছর বয়সেই চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতা সম্পন্ন এই পিএসজি মিডফিল্ডার পর্তুগালের মাঝমাঠের নতুন ইঞ্জিন। প্রয়োজনে রাইট-ব্যাক পজিশনেও খেলতে পারা নেভেসের ওপর এবার পর্তুগিজদের মাঝমাঠের বড় দায়িত্ব থাকবে।

নিকোলাস পাজ (আর্জেন্টিনা)
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন বাজি নিকোলাস পাজ। ইতালিয়ান ক্লাব কোমোতে কোচ সেস্ক ফেব্রিগাসের অধীনে খেলে নিজেকে আরও পরিপক্ব করেছেন তিনি। শারীরিক শক্তি ও টেকনিক্যাল দক্ষতাসম্পন্ন এই অ্যাটাকিং মিডফিল্ডারকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা ভাবা হচ্ছে। বিশ্বমঞ্চে লিওনেল মেসির পাশে খেলার সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে।

ফোলারিন বালোগান (যুক্তরাষ্ট্র)
স্বাগতিক যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের মূল অস্ত্র মোনাকোর ফরোয়ার্ড ফোলারিন বালোগান। দুই পায়ে সমান দূরন্ত শট ও দুর্দান্ত গতিসম্পন্ন এই স্ট্রাইকার ২০২৪ কোপা আমেরিকাতেও দুটি গোল করেছিলেন। ঘরের মাঠে দলের প্রত্যাশার পারদ মেটানোর মূল দায়িত্ব থাকবে তার কাঁধেই।

আর্দা গুলার (তুরস্ক)
রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা আর্দা গুলার তুরস্কের ফুটবলকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। ইউরো ২০২৪-এ গোল, অ্যাসিস্ট ও মাঝমাঠ নিয়ন্ত্রণে তিনি ছিলেন অনন্য। এবার বিশ্বকাপে সতীর্থ কেনান ইলদিজের সঙ্গে জুটি বেঁধে তুরস্কের আক্রমণভাগ সামলাবেন এই তরুণ।

ইয়ান দিওমান্দে (আইভরি কোস্ট)
আরবি লাইপজিগের হয়ে আলো ছড়িয়ে ইতিমধ্যেই লিভারপুল ও পিএসজির মতো জায়ান্টদের নজরে পড়েছেন ১৯ বছর বয়সি উইঙ্গার ইয়ান দিওমান্দে। আফ্রিকান নেশনস কাপে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার বিশ্বমঞ্চে আইভরি কোস্টের জার্সিতে নিজেকে চেনানোর পালা তার।

২০২৬ বিশ্বকাপ কেবল ট্রফি জয়ের লড়াই নয়, এটি তরুণ প্রজন্মের ফুটবলারদের বিশ্বমঞ্চে রাজত্ব প্রতিষ্ঠার এক মহাআয়োজন। অভিজ্ঞদের পাশাপাশি এই নতুন মুখগুলোর পারফরম্যান্সই ঠিক করে দেবে ভবিষ্যতের ফুটবল বিশ্ব কোন পথে এগোবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









