বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হয়েছে। রোববার (৮ জুন) সকাল ১০টায় মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হলেও প্রথম ভোট পড়ে প্রায় ৩৫ মিনিট পর।

নির্বাচনে ভোট দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিস ক্লাব কোটার) কাউন্সিলর হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা তামিম শুধু ভোটারই নন, তিনি পরিচালক পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তামিমের পাশাপাশি অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু ও ইসরাফিল খসরুও ভোট দিয়েছেন।

এদিকে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনকেও বিসিবি কার্যালয়ে ভোট দিতে দেখা গেছে। তিনি খুলনা বিভাগের বাগেরহাট জেলার কাউন্সিলর হিসেবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত এপ্রিলে নানা অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তৎকালীন বোর্ড ভেঙে দেয়। পরবর্তীতে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে এবারের নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট মহলে।

প্রাইমটিভি/কেআর