৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত
ঘরের মাঠে প্যারাগুয়ের রক্ষণভাগকে এক প্রকার খড়কুটোর মতো উড়িয়ে দিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই প্যারাগুয়েকে ৩-০ গোলে পিছিয়ে দিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আমেরিকানরা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে স্বাগতিক দল।
ম্যাচের বয়স তখন মাত্র ৭ মিনিট। যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনির পাস ধরে বক্সে ঢুকে পড়েন ক্রিশ্চিয়ান পুলিসিক। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তিনি যখন বলটি আবার ম্যাককেনিকে ফেরত দিতে যান, ঠিক তখনই ঘটে বিপত্তি। সেই পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের দুর্ভাগা ডিফেন্ডার বোবাদিয়া। এই আত্মঘাতী গোলে ১-০ তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
১৪ মিনিটে প্যারাগুয়ের এনসিসোর একটি শট লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। তবে সেই প্রতিরোধ স্থায়ী হয়নি। এরপর পুরো প্রথমার্ধ জুড়েই ছিল যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য, যাকে বলা যায় 'ওয়ান ওয়ে ট্রাফিক'।
ম্যাচের পরের সময়টুকু নিজের করে নেন ফ্লোরিয়ান বালোগান। যদিও এর মাঝে ম্যাককেনির পাস থেকে করা বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে সেই আক্ষেপ ঘুচতে বেশি সময় লাগেনি। বাম দিক থেকে বক্সে ঢুকে পুলিসিক দারুণ এক পাস বাড়ান বালোগানের উদ্দেশ্যে। ডিফেন্স লাইনের পেছনে দাঁড়িয়ে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান তিনি। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে প্যারাগুয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই বালোগানই। বক্সের ভেতর দুই ডিফেন্ডারের মাঝে ঘেরাও হয়েও ঠান্ডা মাথায় তাদের ধোঁকা দেন এবং নিখুঁত শটে বল জালে জড়ান। ৩-০ স্কোরে বিরতিতে যায় দুই দল।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









