টিএসসিতে নীল-সাদার বাঁধভাঙা উৎসব

টিএসসিতে আর্জেন্টাইন ফুটবলপ্রেমী । প্রাইম টিভি
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে দেশ। আর সেই উন্মাদনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টিএসসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচকে ঘিরে ভোর হওয়ার আগেই সেখানে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য মধ্যরাত থেকেই টিএসসিতে ভিড় করতে শুরু করেন সমর্থকরা। খেলা শুরুর আগেই পুরো এলাকা আকাশী-সাদা জার্সি, পতাকা ও ব্যানারে উৎসবমুখর হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি।
শুধু আর্জেন্টিনা ভক্তরাই নন, প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও খেলা দেখতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল জানান, ফ্রান্স ও সেনেগালের ম্যাচ দেখার পর তিনি আর হলে ফেরেননি। আর্জেন্টিনার খেলা দেখার অপেক্ষায় পুরো রাত টিএসসিতেই কাটিয়েছেন তিনি।
ক্যাম্পাসের বাইরেও ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ। পুরান ঢাকার লালবাগ থেকে টিএসসিতে খেলা দেখতে আসেন রাফসান। তিনি আশা প্রকাশ করেন, গত আসরের মতো এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবং লিওনেল মেসির হাতে আবারও উঠবে শিরোপা।
নারী সমর্থকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জেরিন আনজুম জানান, আর্জেন্টিনার খেলা দেখার জন্য তিনি ও তার বন্ধুরা সারারাত জেগে ছিলেন। তাদের প্রত্যাশা ছিল বড় জয় এবং মেসির দুর্দান্ত পারফরম্যান্স।
খেলা শুরুর পর পুরো টিএসসি এলাকা ‘মেসি মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ ও উপস্থিতি যেন আরেকবার প্রমাণ করল, হাজার মাইল দূরে অনুষ্ঠিত বিশ্বকাপ হলেও আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা কোনো অংশে কম নয়।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









