নান্দাইলে ৩ বছরের শিশুর সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ দিন পর উদ্ধার

প্রতিকি ছবি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন বছরের কন্যাসন্তানের সামনে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২০ এপ্রিল রাতে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার পাঁচ দিন পর, ২৫ এপ্রিল দুপুরে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে নান্দাইল তাড়াইল সড়কের শিমুলতলী বাজার এলাকায় এক ইজিবাইক চালক শিশুসন্তান কোলে এক নারীকে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে ওই নারী জানান, তাকে কয়েকজন ব্যক্তি পাশের বিলের ধারে নিয়ে গিয়ে নির্যাতন করে। এরপর আরও কয়েকজন তাকে একটি বাড়িতে নিয়ে পুনরায় নির্যাতন করে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা শিশুটিও আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা ওই নারীকে আশ্রয় ও সহায়তা দেন। তবে পরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন চাপ ও হুমকির অভিযোগও ওঠে। এদিকে ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে বিষয়টি তদন্তে নেয় পুলিশ।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ভুক্তভোগীর বর্ণনায় ঘটনার সত্যতা পাওয়া যাচ্ছে। তবে তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কাজ করছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। বর্তমানে গুরুতর অসুস্থ মা ও আহত শিশুটি চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






