আজহারীর নামে ডিপফেক প্রতারণা, গ্রেপ্তার ১০

ছবিঃ সংগৃহীত
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন তৈরির অভিযোগে একটি প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এই চক্রটি দীর্ঘদিন ধরে ভেষজ ওষুধসহ বিভিন্ন পণ্যের ভুয়া প্রচারণা চালিয়ে আসছিল। এসব ভিডিও এমনভাবে তৈরি করা হতো, যেন আজহারী নিজেই পণ্যগুলোর প্রচার করছেন। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-এর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনী এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার রাতে ঢাকা-র মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় আরও একজনকে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ল্যাপটপ, ৪৭টি স্মার্টফোন, একাধিক সিমকার্ড এবং বিপুল পরিমাণ অবৈধ ওষুধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, শুধু আজহারী নয়, আরও কয়েকজন পরিচিত ব্যক্তির নাম ব্যবহার করেও তারা প্রতারণা করত। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেপ্তার হয়েছে, এটি কেবল শুরু, অভিযান চলমান রয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এখনো এ ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে, তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।
পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম এই ভুয়া ভিডিওগুলোর বিষয়টি সামনে আসে। পরে এ ঘটনায় সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে মামলা দায়ের করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই চক্রটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আর্থিকভাবে লাভবান হচ্ছিল এবং একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ করছিল। এদিকে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





