সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনার পর মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। এ তথ্য জানিয়েছে এপি নিউজ এজেন্সি।

সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই পক্ষ যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের পর এটি তার প্রথম পাকিস্তান সফর।

এর আগে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দীর্ঘ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। ওই আলোচনার পর পাকিস্তান ও কাতার জানায়, দুই পক্ষ আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে আগামী দিনগুলোতে সুইস রিসোর্টে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

পাকিস্তান সফরের আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আলোচনার সাফল্য দুই পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নির্ভর করবে।

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ ওমানের উদ্দেশে যাত্রা করছেন বলে জানা গেছে। সেখানে তিনি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে সমন্বিত ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা করবেন।

প্রাইমটিভি/এমএইচ