সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় ও বিতর্কে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশ পরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন পায়।

সূত্র আরও জানায়, অধ্যাপক তাশরিক-ই-হাবিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উত্থাপিত হয়েছিল। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

সম্প্রতি অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। তিনি বিভিন্ন সময়ে জনপ্রিয় শিল্পীদের গান গেয়ে ভিডিও প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিশেষ করে বাউল সম্রাট শাহ আবদুল করিম, জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস এবং অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর গাওয়া বিভিন্ন গান পরিবেশন করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এ সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রাইমটিভি/কেআর