বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
আলোচনা হয় অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে। বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো উঠে আসে।
রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার বিষয়ে বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান এমপি সুইজারল্যান্ডকে বাংলাদেশে গ্রীন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





