সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে খোলা নতুন ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন।

সোমবার (২২ জুন) এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। মাজারের দান-ব্যবস্থাপনা এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এ অনুদান দেওয়া হয়েছে।

তবে অনুদানের অর্থ ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হয়েছে, নাকি জেলা প্রশাসনের কোনো ফান্ড থেকে দেওয়া হয়েছে— সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, পাঁচ লাখ টাকার চেকটি হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা করা হয়েছে।

তিনি বলেন, “ওয়াকফ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা প্রশাসন যৌথভাবে এ হিসাব পরিচালনা করবেন।”

এর আগে সোমবার প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গণনায় দানবাক্স থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং কিছু স্বর্ণালংকার পাওয়া যায়।

দানবাক্স থেকে পাওয়া অর্থের সঙ্গে জেলা প্রশাসকের দেওয়া পাঁচ লাখ টাকা যুক্ত হওয়ায় ব্যাংক হিসাবে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।

উল্লেখ্য, সিলেটে দায়িত্ব পালনকালে মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন মো. সারওয়ার আলম। এসব উদ্যোগের মধ্যে দানবাক্স ব্যবস্থাপনা সংস্কার এবং নতুন ব্যাংক হিসাব খোলার বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

প্রাইমটিভি/কেআর