কাউকে গ্রেপ্তার করার আগে তার পরিচয় সঠিকভাবে নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, “কাউকে গ্রেপ্তার করার আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন। সুনির্দিষ্ট কারণ ছাড়া কাউকে যেন এলোমেলোভাবে গ্রেপ্তার করা না হয়। কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়টি আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে বলেছি।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে চট্টগ্রামজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে নগরীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন মেয়র।

ডা. শাহাদাত হোসেন বলেন, “যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত চরম ভয়ের মধ্যে রয়েছে। তাদের কর্মকাণ্ডকে আমি মিছিলের চেয়ে ‘দৌড় অনুশীলন’ হিসেবেই দেখছি।”

তিনি বলেন, বর্তমানে নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়।

মেয়র জানান, সকাল থেকে পুরো নগরী ঘুরে কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত তার চোখে পড়েনি।

তিনি বলেন, “আমি চাই চট্টগ্রামের প্রতিটি নাগরিক নিরাপদ ও সুন্দর পরিবেশে বসবাস করুক। প্রতিদিনের মতো আজও নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে বের হয়েছিলাম। সেই সঙ্গে সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের সতর্ক অবস্থান লক্ষ্য করেছি।”

প্রাইমটিভি/কেআর