ঝিনাইদহে আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো স্বজন ও নেতাকর্মীরা

ছবি: আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজন ও নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের।
এ সময় পুলিশ তাকে আটক করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নেতাকর্মী ও স্বজনরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় বলে দাবি করা হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে ধস্তাধস্তির মধ্যে মোস্তাফিজুর রহমান বিজুকে নিয়ে যান তার স্বজন ও নেতাকর্মীরা। এ সময় এলাকায় উত্তেজনা ও শোরগোল সৃষ্টি হয়।
তবে বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যান। পালানোর সময় তার মোবাইল ফোন পড়ে যায়, যা পুলিশের হেফাজতে রয়েছে বলে তিনি জানান।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









