চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের মে পর্যন্ত এনবিআরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা, যা একই সময়ের মধ্যে সর্বোচ্চ।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় ছিল ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি ৭৮ লাখ টাকা। এর তুলনায় চলতি অর্থবছরে ৩২ হাজার ৮৫৬ কোটি ২২ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ০২ শতাংশ।

এনবিআরের তথ্য অনুযায়ী, প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ, ভ্যাট অনুবিভাগে ১০ দশমিক ০৫ শতাংশ এবং আয়কর অনুবিভাগে ১২ দশমিক ৫৪ শতাংশ।

চলতি অর্থবছরে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। তবে মে পর্যন্ত ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। এতে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা এবং অর্জনের হার ৮১ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে জুন মাসের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এতে ২০ জুন পর্যন্ত মোট আদায় দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা, যা গত অর্থবছরের মোট আদায় ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকার চেয়েও বেশি।

এনবিআর আশা করছে, জুন মাসের শেষ ১০ দিনে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। সে ক্ষেত্রে অর্থবছর শেষে মোট রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হতে পারে।

রাজস্ব আদায় বৃদ্ধিতে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব টাস্কফোর্স বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন, কর ফাঁকি শনাক্ত করে রাজস্ব পুনরুদ্ধার, অডিট মামলার নিষ্পত্তি, উৎসে কর ও ভ্যাট আদায় জোরদার এবং পোস্ট ক্লিয়ারেন্স অডিট কার্যক্রম শক্তিশালী করতে কাজ করছে।

এনবিআর জানিয়েছে, রাজস্ব আহরণের গতি বাড়াতে গৃহীত এসব উদ্যোগের ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি এসেছে। দেশের উন্নয়ন ও ব্যয় নির্বাহে প্রয়োজনীয় রাজস্ব আহরণে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

প্রাইমটিভি/এনজি