জুলাই অভ্যুত্থান ঘিরে বিতর্কিত কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আরও একজন শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ ছাড়া শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরিচ্যুত করার সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট।

সিন্ডিকেটের সিদ্ধান্ত সম্পর্কে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী জানান, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে একাডেমিক কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত গোলাম রাব্বানীর ছাত্রত্ব বৈধ না থাকায় তার পদ বাতিলের সিদ্ধান্ত আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে তার স্থলে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে জিএস ঘোষণা করা যাবে কি না, সে বিষয়েও আইনি মতামত চাওয়া হয়েছে।

প্রাইমটিভি/এনজি