আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা

ছবি- সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, তাকে আটকের পর দলীয় নেতাকর্মী ও স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আড়পাড়া এলাকায় মোস্তাফিজুর রহমানের নিজ বাসভবন ও দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রস্তুতি চলছিল। এ সময় জেলা আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান বিজুসহ বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিতে বাধা দেয়। স্থানীয়দের অভিযোগ, এ সময় পুলিশ মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মী ও স্বজনরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
তবে এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।
তিনি বলেন, “পুলিশের উপস্থিতির খবর পেয়ে মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পালানোর সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি পড়ে যায়। ফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সেটি তাদের কাছে হস্তান্তর করা হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





