সিরাজগঞ্জে অপপ্রচার ও নৈরাজ্যকর রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২৩ জুন) সকালে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সকাল থেকে নেতাকর্মীরা শহরের পৌর ভাসানী মিলনায়তন এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকার পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেন।

কর্মসূচিকে কেন্দ্র করে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যাচার ও অপপ্রচারের সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাফি ভুইয়া এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট।

এ সময় জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি ও অস্থিতিশীলতা তৈরির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা মাঠে থাকবেন।

প্রাইমটিভি/এমএইচ