দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ জন শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৬ জন শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯ জন। একই সময়ে ৯৭৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৮৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জনে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৭ জন। এ সময়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে।

প্রাইমটিভি/এনজি