দেশের ওপর দিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা ও রাজশাহীসহ ৫টি বিভাগে ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২ দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে এই প্রতিকূল আবহাওয়া বিরাজ করতে পারে। ঝড়ের সময় প্রবল বজ্রপাত এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তরবঙ্গ ও এর পার্শ্ববর্তী এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারী) এবং কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি (অতি ভারী) বৃষ্টি হতে পারে।

একটানা বৃষ্টির কারণে এসব এলাকার নিচু জমিতে বা শহরে সাময়িকভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। তাই এই সময়ে সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।