বিগত সরকারের আমলে রাজবন্দিদের ওপর চালানো নির্যাতনের স্মৃতিচারণ করে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী জামালপুর- আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। রবিবার (২৬ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমি, বর্তমান প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি একসঙ্গে জেলে ছিলাম। আমাদের মেরে ফেলার উদ্দেশ্যেই তখন কারারুদ্ধ করা হয়েছিল।তিনি উল্লেখ করেন, সেই সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও তাঁদের সঙ্গে বন্দি ছিলেন।

আলোচনায় মিল্লাত একটি বিশেষ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, একদিন মিয়া গোলাম পরওয়ারকে রিমান্ডে নেওয়ার জন্য তাঁর চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাহসিকতার সঙ্গে প্রতিবাদ জানিয়ে ডিবি কর্মকর্তাদের উদ্দেশে হুঙ্কার দিয়ে বলেছিলেন, “তিনি একজন সাবেক সংসদ সদস্য, তাঁর চোখ কেন বাঁধা হচ্ছে?” মিল্লাত দাবি করেন, এ্যানি চৌধুরীর সেই বজ্রকণ্ঠে তৎকালীন ডিবি কর্মকর্তারা প্রকম্পিত হয়েছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, আজ সেই এ্যানি চৌধুরীর বিরুদ্ধেও বিরোধী দল থেকে কথা বলা শুরু হয়েছে।

সংসদ সদস্য মিল্লাত বিরোধীদলীয় নেতার গত শনিবারের (২৫ এপ্রিল) একটি বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “আপনি বলেছেনপ্রতি বছরই জুলাই আসবে। তার মানে আপনি আমাদের জুলাইয়ের ভয় দেখাচ্ছেন? আমরা জুলাই বিপ্লবে যেভাবে সফল হয়েছি, ইনশাআল্লাহ আগামীতে প্রতিটি জুলাইয়ে সেভাবেই সফল হবো। এই আন্দোলনের কথা ভুলবেন না।

চব্বিশের জুলাই আন্দোলনে প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ শহীদ হয়েছেন, যার মধ্যে এক হাজারের বেশি বিএনপির নেতাকর্মী। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সফলতার পেছনে গত ১৭ বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের যে ভূমিকা রয়েছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।