প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে ভিডিও প্রকাশ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর। ভিডিওটির বিশেষ আকর্ষণ হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তামের জনপ্রিয় গান ‘মহাজাদু’।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় ২ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিও। এতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক আয়োজনসহ সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

ভিডিও প্রকাশের সঙ্গে দেওয়া পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

ভিডিওর এক পর্যায়ে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলতে দেখা যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানে কাজ করা হবে। পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আসিয়ানের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনোয়ার ইব্রাহিম বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার আরও বিস্তৃত সম্ভাবনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সমঝোতা ও আলোচনা মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার দ্বার উন্মোচন করবে।

প্রাইমটিভি/এনজি