সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করছে দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’। আসছে মে দিবসে থাকছে নাটকটি। ১ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দলের ৪৫তম প্রযোজনাটির মঞ্চায়ন হবে।

 

থানার দারোগা থেকে শুরু করে গ্রামের মাতবর, এমনকি অধিকার আদায়ে সচেষ্ট বিদ্রোহী তরুণরাও অস্তিত্ব সংকটে ভোগে। কেউ মারে, কেউ মরে, মায়ের আর্তনাদে কেঁপে উঠে আকাশ, নির্মমতার জাঁতাকলে ভারী হয় বাতাস। একই দেশ, একই সমাজে থেকেও জীবনযুদ্ধে অবহেলিত ও নিগৃহীত থাকে সাঁওতাল সমাজ। অধিকার আদায় ও ভালোভাবে বেঁচে থাকার নিরন্তন প্রচেষ্টায় এগিয়ে যায় প্রান্তিক সাঁওতালরা। অবশেষে জয় হয় মানবতার। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।

 

‘রাঢ়াঙ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শামীম জামান, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, শামীমা শওকত লাভলী প্রমুখ। নাটকটি রচনা করেছেন মামুনুর রশীদ, নির্দেশনাও দিয়েছেন তিনি। এ ছাড়া আরণ্যক মে দিবসে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে  পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা [রচনা ও নিদের্শনা মান্নান হীরা] মঞ্চায়ন করবে বলে জানা গেছে। এ ছাড়াও রয়েছে ভাবনগর সাধুসঙ্গের বাউল গানের পরিবেশনা। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম।