গত বছর নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন কানাই দাস। কোনো সিনেমায় এটাই তার প্রথম ও শেষ প্লেব্যাক। তবে সিনেমায় নিজের প্লেব্যাক শুনে যেতে পারলেন না কানাই দাস বাউল। এ নিয়ে মন খারাপ নির্মাতা মেজবাউর রহমান সুমনের। এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি।

‘হাওয়া’ সিনেমায় মেজবাউর রহমান সুমন ব্যবহার করেন বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি। মুক্তির অপেক্ষায় থাকা ‘রইদ’ সিনেমায় থাকছে কানাই দাস বাউলের একটি গান। তবে কোন গান, তা এখনই বলতে চাইলেন না নির্মাতা। জানালেন, শিগগিরই প্রকাশ পাবে গানটি।

সুমন জানান, গত বছর ‘রইদ’ সিনেমার জন্য গানটি রেকর্ড করেন কানাই দাস বাউল। গানটি প্রস্তুত হওয়ার পর শুনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা আর হলো না। সুমন বলেন, ‘কানাই দাস বাউল চলে গেলেন, আমাদের কাছে রেখে গেলেন তার গাওয়া শেষ গান! গত বছর “রইদ” এর গান রেকর্ডিংয়ের সময় তার সঙ্গে কথা হচ্ছিল। বললাম, আপনি কি সিনেমায় আগে গান করেছেন? বললেন, কেউ ডাকেনি তো! মাতান চাঁদ গোঁসাইয়ের এই গান তার কণ্ঠে বহুবার শুনেছি। কিছুদিন পর গানটি প্রকাশ পাবে। শেষ হওয়ার পর শুনতে চেয়েছিলেন। আর শোনা হলো না তার।