মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু রাষ্ট্র এই পথ দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত ফি থেকে অব্যাহতি পাচ্ছে।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, ইতোমধ্যে কয়েকটি দেশের জন্য এই সুবিধা কার্যকর হয়েছে। বিশেষ করে রাশিয়া এই সুবিধা পাচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে এই নীতিতে পরিবর্তন আসতে পারে কি না, তা এখনই নিশ্চিত নয়। তবে আপাতত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুবিধা বহাল রাখতে কাজ করছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক অবরোধ ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা দিচ্ছে। একদিকে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার, অন্যদিকে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের ইঙ্গিত,দুই দিকেই নজর দিচ্ছে ইরান।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহী রণতরী জর্জ এইচডব্লিউ বুশ ইতোমধ্যে সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, রণতরীটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি আগে থেকে মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যুক্ত হবে নাকি কোনো জাহাজকে প্রতিস্থাপন করবে,সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।