নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়েছিলেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট: জন কেরি

ছবিঃ সংগৃহীত
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন নতুন করে আলোচনায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বক্তব্য। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব একাধিকবার দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তা প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্ট।
জনপ্রিয় টকশো দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট-এ কেরি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং প্রেসিডেন্ট জো বাইডেন কেউই ইরানের সঙ্গে যুদ্ধে যেতে রাজি হননি। কারণ হিসেবে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাধানের সব পথ তখনও শেষ হয়ে যায়নি। কেরি আরও বলেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ থেকে বড় শিক্ষা হলো জনগণকে বিভ্রান্ত না করা। একজন ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ সৈনিক হিসেবে তিনি সতর্ক করেন, যুদ্ধের উদ্দেশ্য নিয়ে মিথ্যা বলা উচিত নয়।
অন্যদিকে, এক প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার ব্যাপারে রাজি করাতে সক্ষম হয়েছিলেন নেতানিয়াহু। যদিও কেরির দাবি, শাসন পরিবর্তনের সেই পূর্বাভাস বাস্তবে সত্য হয়নি। এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ নিয়ে উত্তপ্ত ফোনালাপের কথাও জানা গেছে। সেখানে নেতানিয়াহুর অতিরিক্ত আশাবাদ নিয়ে প্রশ্ন তোলেন ভ্যান্স।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভেতরেই মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে, যা ভবিষ্যতের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









