রাজধানীতে জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার দুপুরে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়িয়েছে। নাহিদ ইসলাম বলেন, শুরু থেকেই সরকার জানিয়েছে দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। কিন্তু বাস্তবে তেল পেতে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে সাধারণ মানুষকে। এমনকি তেল সংকট দেখিয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমও বন্ধ করা হয়েছে।

তিনি দাবি করেন, মানুষের ভোগান্তি বাড়িয়ে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে বেশি দাম হলেও মানুষ তেল কিনতে বাধ্য হয়। এর পেছনে সিন্ডিকেটের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, সরকারের প্রশ্রয় বা অংশগ্রহণ ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। সংবাদ সম্মেলনে সরকারে স্বচ্ছতার অভাবের কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়াশীল আচরণ করছে এবং জবাবদিহিমূলক শাসন নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।বাক্‌স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, সমালোচনামূলক মত প্রকাশের কারণে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

আন্তর্জাতিক কূটনীতি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বাংলাদেশের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অবনতির দিকেও ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য ও রাজনৈতিক সমঝোতা ছাড়া এ সংকট মোকাবিলা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ৪৪ জন নেতা কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।