নরসিংদীসহ দেশের বন্ধ হয়ে যাওয়া সকল টেক্সটাইল ও পাটকল পুনরায় সচল করার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরবর্তীতে তিনি ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলসও পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী জানান, বন্ধ থাকা মিলগুলো পুনরায় চালু করার লক্ষ্যে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া এবং প্রাথমিক ইওআই (Expression of Interest) সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রস্তাবগুলো মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি শিল্পোদ্যোক্তাদের মাধ্যমে এই মিলগুলো পরিচালনা করতে আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোকে সচল করে জাতীয় অর্থনীতিতে গতি ফেরানোই সরকারের মূল লক্ষ্য।

শরীফুল আলম বলেন, নরসিংদীর এই শিল্পকারখানাগুলো একসময় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু ছিল। মিলগুলো চালু হলে সাধারণ জনবলের ক্ষেত্রে প্রায় শতভাগ কর্মসংস্থান স্থানীয় পর্যায় থেকে নিশ্চিত করা হবে। তবে বিশেষ কারিগরি পদের প্রয়োজনে বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হতে পারে। এই উদ্যোগ স্থানীয়দের জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

 

পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের (BJRI) মাধ্যমে উন্নতমানের দেশি পাটবীজ উদ্ভাবনে কাজ চলছে। এছাড়াও সরকার বিদেশি বীজের ওপর নির্ভরতা কমিয়ে দেশি বীজের ফলন প্রতিযোগিতামূলক করার চেষ্টা করছে। পাটচাষিরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, সেদিকটিতেও সরকার কড়া নজর রাখছে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বিশ্বাস করেন, এই উদ্যোগগুলো সফল হলে দেশের পাট ও বস্ত্র খাত আবারও বিশ্ববাজারে শক্তিশালী অবস্থানে ফিরবে।