আবারও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
আজ ভোরে আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ২৯ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকোয়েক ট্র্যাক জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকা, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি। মাঝারি মাত্রার এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় সারা দেশে মৃদু কম্পন ছড়িয়ে পড়ে। আর্থকোয়েক ট্র্যাক অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং গভীরতা প্রায় ১০০ দশমিক ৬ কিলোমিটার।
এছাড়া ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মণিপুরের কামজং এলাকায় ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার গভীরতা ছিল প্রায় ৬২ কিলোমিটার। ৫ এর আশপাশের মাত্রার ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরা হলেও, এর গভীরতা বেশি হলে বিস্তৃত এলাকায় মৃদু কম্পন অনুভূত হতে পারে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









