বাংলাদেশ নারী হকিতে রচিত হলো এক অনন্য ইতিহাস। প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রবিবার (২৬ এপ্রিল) এশিয়ান গেমসের বাছাইপর্বে হংকং চায়নাকে - গোলে হারিয়ে এই অভাবনীয় সাফল্য অর্জন করে বাংলার মেয়েরা। এই জয়ের ফলে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি জাপানে অনুষ্ঠিতব্য ২০তম আসরে অংশগ্রহণও নিশ্চিত হলো তাদের।

হংকংয়ের বিপক্ষে ম্যাচে ড্র করলেই মূল পর্বের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশেরএমন সমীকরণ নিয়ে মাঠে নামে দল। তবে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় লাল-সবুজের দল; প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। গোল খেয়ে দমে না গিয়ে পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলার মেয়েরা। ফলস্বরূপ দশম মিনিটে মিডফিল্ডার নাদিরা এমার চমৎকার ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

বিরতির পর ৩৯ মিনিটে কনা আক্তার দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে লিড এনে দেন। ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় - ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন সাবিনা-এমা-কনারা।

চলমান এই এশিয়ান গেমস বাছাইপর্বই ছিল বাংলাদেশ নারী হকি দলের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা। নিজেদের অভিষেক মিশনকেই স্মরণীয় করে রাখল তারা। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে বসতে যাচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। সেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি অংশ নেবে নারী হকি দলও।

দীর্ঘদিন আড়ালে থাকা নারী হকি দল এই সাফল্যের মাধ্যমে নতুন দিগন্তের উন্মোচন করল। প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে নেমেই এশিয়ান গেমসের মতো বড় আসরে জায়গা করে নেওয়ায় দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বিশাল অর্জন হিসেবে দেখা হচ্ছে।