কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীতে নির্মাণাধীন প্রধান ফটকের ভেংগে রাসেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বিসিকের প্রবেশপথে নির্মাণকাজের ঢালাই দেওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মারিয়া ইউনিয়নের স্বল্প মারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তাদের উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের উপরিভাগের ঢালাইয়ের কাজ চলছিল। এসময় হঠাৎ নির্মাণাধীন গেটের একাংশ বিকট শব্দে ধসে পড়ে। নিচে কর্মরত রাসেল ও অন্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত বাড়ান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।