যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান | সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর যাচ্ছেন। সফরকালে তিনি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় আকাশপথে যশোরের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির অনুষ্ঠানে যোগ দিতে রওনা হবেন। বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে উপস্থিত হয়ে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে বেলা সাড়ে ১১টায় উলশী এলাকায় আয়োজিত পথসভা ও সুধী সমাবেশে অংশ নেবেন।
শার্শার কর্মসূচি শেষে দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন এবং দুপুর সোয়া ১টায় সেখানে পৌঁছে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নেবেন।
বিকেল ৩টায় তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল প্রতীক্ষিত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা ৭টায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে যশোর জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন নিরাপত্তা ও আয়োজনের সব দিক নিশ্চিত করতে কাজ করছে।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.






