পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় ময়মনসিংহের এক হজযাত্রীর মৃত্যু

ছবি- সংগৃহীত
সৌদি আরবের পবিত্র মক্কায় হজ পালন করতে গিয়ে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে তাঁর ছেলে এনামুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত সিরাজুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা এবং মৃত মর্জত আলী প্রধানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজের উদ্দেশ্যে দেশত্যাগ করেন সিরাজুল ইসলাম। তাঁর ছেলে এনামুল হক পারভেজ জানান, গত শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে হোটেলে ফেরার পথে তিনি পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে মক্কার একটি হাসপাতালে ভর্তি করেন। সেই দিনই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মর্মান্তিক বিষয় হলো, সিরাজুল ইসলাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছিল না সফরসঙ্গী ও স্বজনরা। শুক্রবার সকাল থেকেই তাঁর স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ প্রচার করে আসছিলেন। অবশেষে রবিবার সকালে তাঁর পরিচিতরা মক্কা নগরীর একটি হাসপাতালে তাঁর মরদেহ শনাক্ত করেন।
সিরাজুল ইসলামের মরদেহ সৌদি আরবেই দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার আছরের নামাজের পর মক্কার পবিত্র মসজিদুল হারামে জানাজা শেষে তাঁকে ‘জান্নাতুল মুয়াল্লা’ কবরস্থানে দাফন করার কথা রয়েছে। সিরাজুল ইসলামের মৃত্যুতে তাঁর নিজ গ্রাম গফরগাঁওয়ে শোকের ছায়া নেমে এসেছে।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.









