বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

ছবি- সংগৃহীত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন করপোরেট জগতের অভিজ্ঞ পেশাজীবী মাসুদ খান। একই সঙ্গে কমিশনের কমিশনার পদে নিয়োগ পেয়েছেন আরও তিনজন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন কমিশনাররা হলেন আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক। কমিশনের চারটি কমিশনার পদের মধ্যে একটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।
বর্তমানে মাসুদ খান ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রুপ সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন।
করপোরেট ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মাসুদ খান এর আগে প্রায় ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে দেশ-বিদেশে প্রায় দুই দশক গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
বর্তমানে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বাধীন পরিচালক হিসেবেও যুক্ত আছেন।
সম্প্রতি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল, ২০২৬’ পাসের মাধ্যমে বিএসইসি চেয়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়। এর ফলে ৭১ বছর বয়সী মাসুদ খানের জন্য কমিশনের চেয়ারম্যান হওয়ার পথ উন্মুক্ত হয়।
এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগপত্র জমা দেন।
পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, নতুন চেয়ারম্যান ও কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করা। তাদের আশা, অভিজ্ঞ নেতৃত্বের মাধ্যমে দেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন ও সংস্কারের নতুন ধারা শুরু হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









