বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বেড়েছে ৩৩.৭০ শতাংশ

প্রতিকী ছবি
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর ১০ দশমিক ২ শতাংশ।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, আগামী অর্থবছরে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
বাজেটে উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। এছাড়া পরিচালন ও অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।
সরকার জানিয়েছে, বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ ধীরে ধীরে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয়ের হার চলতি অর্থবছরের সংশোধিত ২৭ দশমিক ২৭ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৭০ শতাংশে উন্নীত হবে। একই সঙ্গে পরিচালন ব্যয়ের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
সরকারের মতে, প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






