ইসলামী ব্যাংকের কার্যক্রমে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ সদস্যের একটি বোর্ড ছিল। পরবর্তীতে একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। তবে বাংলাদেশ ব্যাংক কারও বদলি বা পদোন্নতিতে কোনো নির্দেশনা দেয়নি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী ব্যাংকে সরকারের অবৈধ হস্তক্ষেপের যে অভিযোগ ছড়িয়েছে, তা সঠিক নয়।

ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে গভর্নর জানান, ঈদের আগের দিন ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মীদের মধ্যে স্লোগান শুরু হয় এবং পরে তিনি পদত্যাগ করেন। এরপর পরিস্থিতি বিবেচনায় দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, ব্যাংকটিতে কিছুটা অস্থিরতা তৈরি হলেও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমানতকারীদের উদ্বেগের বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, “আমানতকারীদের কোনো সমস্যা হবে না। তারা যেকোনো সময় তাদের অর্থ উত্তোলন করতে পারবেন।”

গভর্নর আরও জানান, ইসলামী ব্যাংক জরুরি তারল্য সহায়তা (ইমারজেন্সি লিকুইডিটি) চেয়েছে এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক সেই সহায়তা প্রদান করবে।

সংবাদ সম্মেলনে অর্থ ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/কেআর