নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য কার্যকর হওয়া এই নীতিমালায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার দিকগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতি ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিদায়ী অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে নীতিসুদ ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।

২০২২ সালের শেষ দিক থেকে মূল্যস্ফীতি মোকাবিলায় ধারাবাহিকভাবে নীতিসুদ বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। তবে চলতি বছরে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়িয়ে বিনিয়োগ ও উৎপাদন সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, নতুন অর্থবছরের বাজেটে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে।

ফলে নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ঋণপ্রবাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে কী ধরনের দিকনির্দেশনা আসে, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।

প্রাইমটিভি/এনজি