আগামিকাল (১ জুলাই) থেকে সারা দেশে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন আন্তঃলেনদেন ব্যবস্থা ‘বাংলা কিউআর’। নগদবিহীন লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সমন্বিত করতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দেশের আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে এবং ডিজিটাল পেমেন্ট আরও গতিশীল হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এতদিন বিকাশ, নগদ, রকেট কিংবা বিভিন্ন ব্যাংকের জন্য আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করতে হতো ব্যবসায়ীদের। তবে বাংলা কিউআর চালুর পর একটি কিউআর কোডই যথেষ্ট হবে। গ্রাহকরা যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করে একই কোড স্ক্যান করে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের মতে, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শপিংমল পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু হলে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে নগদ অর্থ ব্যবহারের প্রয়োজন কমে আসবে এবং লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমান জানিয়েছেন, বাংলা কিউআর চালুর ফলে ডিজিটাল লেনদেনে মানুষের অংশগ্রহণ বাড়বে। এতে টাকা ছাপানোর ব্যয় কমবে এবং সরকারি রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়বে।

তবে ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও গুরুত্ব পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডিজিটাল লেনদেনে ৮১ হাজার ৪২৩টি প্রতারণার ঘটনায় প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

এ কারণে বাংলা কিউআর ব্যবহারের সময় গ্রাহকদের ব্যক্তিগত পিন ও ওটিপি কারও সঙ্গে শেয়ার না করার পাশাপাশি সন্দেহজনক লিংক বা কল থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রাইমটিভি/এনজি