শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগকে অগ্রাধিকার দিয়েছেন। এ ছাড়া পুষ্টিহীনতা দূর করতে এ বছরের মধ্যেই দেশের সব স্কুলে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং সভাপতিত্ব করেন সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২২ লাখ বালক-বালিকা অংশ নেয়। ২৩ মে বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হওয়ার পর, আজ থেকে ৮টি বিভাগের চ্যাম্পিয়ন মোট ১৬টি দল নিয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শুরু হলো।

প্রাইমটিভি/বিএম