জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে সারা দেশের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ জুন (রোববার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এই তথ্য জানান। তিনি বলেন, উচ্চশিক্ষা শেষে শ্রমবাজারের প্রয়োজনীয় দক্ষতার অভাবে অনেক শিক্ষার্থী কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতা বিবেচনায় সরকার, আইসিটি বিভাগ, এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় নতুন দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করা হয়েছে।

নতুন এই পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং ও ডাটা সায়েন্সের মতো আধুনিক বিষয়ে প্রশিক্ষণ পাবে। এই পাঠদান নিশ্চিত করতে ইতিমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে, যাদের মাধ্যমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিক্ষার্থীদের জন্য ‘ভাষা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার মাধ্যমে চীনা, জাপানি ও স্প্যানিশসহ বিভিন্ন ভাষা শিক্ষা এবং পরিবেশ সুরক্ষায় ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে আগামী ৫ বছরে ২ কোটির বেশি গাছ লাগানোর ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রাইমটিভি/বিএম